ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২২, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ
একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
ঢাকা অফিস::বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নির্বাচনে একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন বক্তব্য সম্পূর্ণ প্রতারণা এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা। তিনি বলেন, বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে না। বুধবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আসামদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমান উল্লাহ আরও বলেন, ভোট একটি পবিত্র অধিকার, যা ধর্মীয় প্রতিশ্রুতি কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে বিক্রি করা যায় না। যারা জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোট নিতে চায়, তারা বড় ধরনের প্রতারণার মধ্যদিয়ে যাচ্ছে। এ ধরনের প্রচারণা শুধু ভোটারদের বিভ্রান্ত করে না, বরং দেশের ধর্মীয় সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত হয়।তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়েও এখন ষড়যন্ত্র চলছে। কিন্তু যারা নির্বাচন রুখতে আসবে, জনগণ তাদের রুখে দেবে। দেশের মানুষ এখন নিজেদের ভোটাধিকার চায়। এতদিন তারা সে অধিকার থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে।কেরানীগঞ্জের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসের ঠাঁই নেই। হাট-বাজার থেকে কেউ চাঁদা চাইলে, পুলিশে দিন-ধরিয়ে দিন। কেরানীগঞ্জ এখন চাঁদাবাজমুক্ত।মতবিনিময় সভায় কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দাউদ শিকদারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.