ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২২, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৫
ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগকে কেন্দ্র করে পিতা কার্তিক চন্দ্র রায় (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে।পরদিন (৯ সেপ্টেম্বর) নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে থানায় হত্যা মামলা (নং-১২) দায়ের করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয় হরি কিশোর, তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব, রতন চন্দ্র–কে গ্রেফতার করে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিক ও ককিল চন্দ্রকে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায় তারা।রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.