ই-পেপার জাগ্রত খবর - নভেম্বর ৪, ২০২৬, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ১০:৪২ পি.এম
দুই দফা মারধরে মৃত্যু হয় আইনজীবী নাঈমের
জাগ্রত নিউজ::রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই দফা মারধরে মৃত্যু হয় আইনজীবী নাঈম কিবরিয়ার। সোমবার আসামি মো. জোবায়ের হোসেন (২৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মো. মেহেদী হাসান। তিনি জানান, বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।ঘটনার পর নিহতের বাবা গোলাম কিবরিয়া ভাটারা থানায় হত্যা মামলা করেন। গতকাল রবিবার গুলশান এলাকা থেকে আসামি জোবায়েরকে গ্রেফতার করে র্যাব–১।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আজ আসামি জোবায়েরকে আদালতে হাজির করা হয়। তিনি এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.