আহত বশির জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে প্রায় পাঁচ বছর ধরে ঠিকাদারি কাজ করে আসছেন। তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছে। এ চাঁদাবাজ চক্রের মূল হোতা হিসেবে তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমানের নাম উল্লেখ করেন।
বশিরের দাবি, মোখলেসুর রহমান প্রায়ই তার সহযোগী মাদক ব্যবসায়ী সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার ও সেজান বাহিনী দিয়ে তাকে ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিতেন। এছাড়াও সাইফুল বিগত দিনে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটেন।
ঘটনার দিন রাত প্রায় নয়টার দিকে বশির নান্নু মার্কেট এলাকায় পেয়ারা কিনতে গেলে মোখলেসের নির্দেশে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে বশিরকে পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।