নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সিজারিয়ান অপারেশনের সময় উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশার (নাজিয়া’স ক্লোজেটের স্বত্বাধিকারী) মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে।নিহত নাজিয়া মাইশা নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা। তিনি গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে এবং ‘Nazia's Closet’-এর স্বত্বাধিকারী ছিলেন।নাজিয়ার স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরা তাড়াহুড়া করে অপারেশন করতে গিয়ে ভুলবশত নাড়ি কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অপারেশন থিয়েটারেই নাজিয়া মাইশার মৃত্যু হয় বলে তারা দাবি করেন।স্বজনরা জানান, ঘটনার পর প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নাজিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হয়। পরে বিষয়টি নিয়ে স্বজনরা জানতে চাইলে চিকিৎসকের ভুলে নাড়ি কেটে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়—এমন দাবি করেন তারা।নাজিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।নিহতের স্বজনরা বলেন, ‘সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের তাড়াহুড়ার কারণেই নাজিয়ার নাড়ি কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ডা. তহুরার উপযুক্ত বিচার দাবি করছি।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. তহুরার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ঘটনাটি নিয়ে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা নাজিয়া মাইশার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।