ই-পেপার জাগ্রত খবর - জুন ১৪, ২০২৬, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
বরিশালে হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, শতাধিক বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক:: ভাড়া নিয়ে দ্বন্দ্বে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা চালিয়ে শতাধিক বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হয়েছে জানা গেছে।শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীকেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে এ সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলা- ভাঙচুর চলমান রয়েছে।বিএম কলেজ শিক্ষার্থীরা দাবি করেছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহণ শ্রমিকদের হামলায় ২৫ জন আহত হন।তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো রকম পালটা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে। পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া দেওয়া নিয়ে বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েকশ শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। সেখানে থাকা ১৫ থেকে ২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে তারা।ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া আমাদের অধিকার। শনিবার মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। খবর পেয়ে আমরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই। এ সময় আমাদের ওপর বাস শ্রমিকরা হামলা চালায়। এতে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.