ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে ডোবায় যাত্রীবাহী বাস, হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী লাবিবা পরিবহনের বাস ডোবার মধ্যে পড়ে জিহাদ সরদার (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জিহাদ সরদার বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার বাসিন্দা সবুর সরদারের ছেলে।বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা বলেন, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে পড়ে। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয়। চলন্ত বাস হওয়ায় বাসটি রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যায়।এসআই আরও বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তবে বাসের নিচে চাপা পড়ে হেলপার জিহাদ। বিকাল ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে হেলপারের জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে।লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.