নিজস্ব প্রতিবেদক::ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তবে ধরাছোঁয়ার বাইরে ফয়সাল করিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। র্যাবের সদর দপ্তরের একটি সূত্র জানায়, ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে।ওই সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদেরকে রোববার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।অপর এক কর্মকর্তা বলেন, হাদিকে গুলি করার আগে ফয়সাল করিম একাধিকবার তার স্ত্রী, শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।