
নিজস্ব প্রতিবেদক::ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে আর ইসলামের পক্ষের ভোট। যারা ভারতের বিপক্ষে আছি তাদের বাক্স হবে হাতপাখা ।রবিবার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যেই বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিতভাবে ভোট দেবো। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বিএনপিকে দোষারোপ করেন।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী ও আগৈলঝাড়া শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ।ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মো: নাসির উদ্দিন শাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আল-আমিনসহ অন্যান্যরা।