নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড টোল প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ৩০ যাত্রী। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। সবাই অক্ষত থাকলেও অনেকের মালামাল পুড়ে গেছে। সড়কে ২০ মিনিটের মত যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।