পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে কুড়ালসহ এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জনকে থানায় নেওয়া হয়। পরে তারা সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।আটক কিশোর (১৫) উপজেলার ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। থানায় নেওয়া অন্যরা বিভিন্ন দাখিল মাদরাসার পরীক্ষার্থী।কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় খাতা দেখা নিয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত। পরে বিষয়টি মারামারিতে গড়ায়। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে ফের উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।এসময় কেন্দ্র থেকে বের হওয়ার পথে ওই কিশোরের ব্যাগ তল্লাশি করে একটি কুড়াল উদ্ধার করা হয়। দায়িত্বে থাকা পুলিশ তাকে আটক করে। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।কেন্দ্রের সুপার মাওলানা মু. নুরুল আমিন বলেন, ‘আগের ঘটনার জেরে আবারও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা ছিল। এজন্য নজরদারি বাড়ানো হয়েছিল।দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মু. আ. রব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানিয়েছে, অন্য এক পরীক্ষার্থীর ডাকে সে কুড়াল নিয়ে কেন্দ্রে আসে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।