ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী শ্রমিককে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভবতী করার অভিযোগে একটি কারখানার মালিক ও তার এক সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল্লাহ অভিযোগটি আমলে নিয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।মামলার বাদী ঝালকাঠি শহরের পূর্ব কাঠপট্টি এলাকার ‘আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস’ (শাহী ৯৯ জর্দা) কারখানার এক নারী শ্রমিক। মামলায় ১ নম্বর আসামি হিসেবে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক মনু মিয়াকে এবং ২ নম্বর আসামি হিসেবে একই কারখানার শ্রমিক ফরিদ হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, ফরিদ হোসেন চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে কারখানার মালিক মনু মিয়ার কাছে নিয়ে যান। এরপর মনু মিয়া বিভিন্ন প্রলোভন ও চাপ প্রয়োগ করে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। চাকরির সুযোগকে পুঁজি করে তাকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর ফরিদ হোসেনও ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি গোপন রাখতে এবং গর্ভের সন্তানের তথাকথিত বৈধতা দিতে শামসুল হক মনু মিয়ার উদ্যোগে ২০২৫ সালের ১ জানুয়ারি ফরিদ হোসেনের সঙ্গে কাবিন রেজিস্ট্রি করানো হয়।