নিজস্ব প্রতিবেদক:: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে।তিনি বলেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোনো ধরনের চক্রান্তের সুযোগ দেওয়া হবে না।শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই কোনো ধর্মের মানুষকে ব্যবহার করার চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত বা গ্রাসের যে কোনো প্রচেষ্টা ধর্মবিরোধী এবং সাম্প্রদায়িকতার শামিল।জহির উদ্দিন স্বপন বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবে।তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। যতদিন জনগণ কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে কল্যাণকর মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।