নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নকে অপরাধের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে তুলেছিলেন সন্ত্রাসী মোস্তফা সিকদার। অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সেনাবাহিনীর চলমান অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলার চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার মোস্তফা সিকদার গৌরব্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীরের একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায়। ৪১ বীরের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল চরকুশুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে। অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়াল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।