বরগুনা প্রতিনিধি::বরগুনার পাথরঘাটায় একটি সিআর মামলার আসামির জামিনের তদবির করতে গিয়ে বিচারককে ঘুষ দিতে উদ্যত হওয়ায় আদালতের খাস কামরা থেকে পাথরঘাটা থানার এক উপপরিদর্শক (এসআই) আটক হয়েছেন। পরে বিভাগীয় মামলার শর্তে মুচলেকার মাধ্যমে তাকে থানার ওসির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আটক পুলিশ কর্মকর্তা হলেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল।আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালে অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন এসআই শাহরিয়ার জালাল। তিনি আদালতের সিআর নং-৭৮০/২৩ মামলার নথি দেখিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন এবং একটি রিকল দেওয়ার অনুরোধ জানান।অভিযোগ রয়েছে, এ সময় অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তিনি বিচারককে ঘুষ হিসেবে টাকা দিতে চান। এতে বিচারক বিব্রত বোধ করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোর্ট পুলিশ ইন্সপেক্টর, জিআরও ও আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে প্রকাশ পায়। পরে কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধের অভিযোগে আদালত প্রাঙ্গণেই এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়।ঘটনার খবর পেয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে অবহিত করেন। জেলা পুলিশ সুপারের অনুরোধে বিভাগীয় মামলার আশ্বাস প্রদান করা হলে বিকেল আনুমানিক ৫টার দিকে পাথরঘাটা থানার ওসি মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে জিম্মায় দেওয়া হয়।এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, বিষয়টি বিচারক অর্ডার শিটে যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি মূলত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের বিষয়।