
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় করার অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধূলিয়া মধ্যেরচর ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী ( শিশু) বিভাগে জামায়াতের কার্যালয় হিসাবে ব্যবহারিত হচ্ছে।এবিষয়ে মাদ্রাসাটির কোষাধ্যক্ষ ডাঃ আবদুর রশিদ জানান,কক্ষটি ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে ভাড়া দেয়া ঠিক হয়নি, এতে শিশুদের লেখাপড়ার মনোযোগে বিঘ্ন ঘটে বলে তিনি মন্তব্য করেন।মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আঃ রহমান বলেন, তিনি শুনেছেন ২ হাজার টাকা ও ২০ বস্তা সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কক্ষটি ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ভাড়া নেওয়া হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির বলেন, জামায়াত নেতাদের কাছে থেকে আর্থিক সহযোগিতা নিয়ে শ্রেনী কক্ষটি ভাড়া দিয়েছি।এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি অবগত হয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এব্যাপারে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মাওঃ আবদুল জব্বারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিং এ আছেন বলে কল কেটে দেন।