নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ভাটিখানা বাজারে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন দিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের কয়েকজন একসময় রাজিব হোসেন দিপুর সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলেও স্থানীয়দের দাবি।হামলার পর গুরুতর আহত অবস্থায় রাজিব হোসেন দিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পিঠ, পা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হামলায় তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহত রাজিব হোসেন দিপুর অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্য মো. মারুফ ইসলাম ও মো. বিশালসহ কয়েকজন এবং তাদের মা-বাবার উপস্থিতিতে তাঁকে জনসম্মুখে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।