চট্টগ্রাম প্রতিনিধি::খেলার মাঠে মেলা চলার অনুমোদন দিয়েছে রেলওয়ে। পাহাড়তলী রেলওয়ে শাহজাহান মাঠে ৫ এপ্রিল শুরু হবে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। ১০ এপ্রিল পলোগ্রাউন্ড মাঠে শুরু হবে চট্টগ্রাম উইম্যান চেম্বারের উদ্যোগে মাসব্যাপী ‘১৫তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো বাংলাদেশ-২০২৬’ শীর্ষক মেলা। মাঠ দুটির মালিক রেলওয়ে পূর্বাঞ্চল। আয়োজকরা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি পাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে মেলার জন্য অনুমোদন নেওয়া হয়েছে। চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, আমি মনে করি খেলার মাঠ মেলার জন্য অনুমোদন না দেওয়াই ভালো। এ ধরনের কাজ থেকে স্ব স্ব কর্তৃপক্ষের বিরত থাকা উচিত।’ চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বলেছি, যদি যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদন আনতে পারেন, তাহলে তারা মাঠটি ব্যবহার করতে পারবেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা অনুমোদন নিয়ে এসেছেন। ওই অনুমোদন পত্রে তাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে।’ তিনি বলেন, ‘মাঠ তো এমনিতেই পড়ে আছে। মাঠটি ব্যবহার করলে যে অর্থ আসবে তা রেলওয়ে স্পোর্টস কমিটির তহবিলেই যাবে।জানা গেছে, রেলওয়ে শাহজাহান মাঠে স্টল নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। মাঠের মাঝখানে কৃত্রিম ঝরনা বসানোর জন্য মাঠে খুঁড়ে একটি ফোয়ারা নির্মাণ করা হয়েছে।