নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে অভিনব কারসাজির ঘটনা ঘটেছে। সরকারি নথিতে সাদা ফ্লুইড ব্যবহার করে মুছে ফেলা হয়েছে মূল্যায়নের আগের অঙ্ক। ফিল্ডবুকের কোথাও পাতা, কোথাও আপিল ফরমে ঘষামাজা করে কমানো হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন। এতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায়ের সুযোগ তৈরি করে চসিকের প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় চসিকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী দুটি প্রতিষ্ঠানের মালিকসহ মোট সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। গত সোমবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলাগুলো করেন।