নিজস্ব প্রতিবেদক::সিলেটে ‘সিরিয়াল’ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হয়েছেন সিএনজিচালিত এক অটোরিকশার চালক। মঙ্গলবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৩২) সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে সোনাতনপুঞ্জি গ্রামের ইয়াহইয়া ও শাহাব উদ্দিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে ইয়াহইয়ার নেতৃত্বে শাহাব উদ্দিনের উপর হামলা হয়। ছুরকাঘাতে শাহাব উদ্দিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদেরকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।