নিজস্ব প্রতিবেদক::রাজধানী ঢাকা ঘিরে থাকা কেরানীগঞ্জ, রূপগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরে গড়ে উঠেছে অন্তত ৭৫০টি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের লাইসেন্স কিংবা আইনে বেঁধে দেওয়া দূরত্ব-বিধি-ইত্যাদি কোনো কিছুরই তোয়াক্কা না করে বছরের পর বছর চলছে এসব ভাটা। খোদ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেয়াল ঘেঁষেই রয়েছে পাঁচটি অবৈধ ইটভাটা। অথচ বারবার অভিযান, একাধিক আদালতের নির্দেশ আর সরকারি সংস্থার চিঠি চালাচালির পরও এসব ভাটা বন্ধ হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের গবেষণা অনুযায়ী, শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকার প্রায় ৫৮ ভাগ বায়ুদূষণের জন্য ইটভাটা দায়ী।ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে অভিন্ন চিত্র। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও পরিবেশ অধিদপ্তরের একাংশকে ‘ম্যানেজ’ করে বছরের পর বছর এ ব্যবসা টিকিয়ে রাখছে প্রভাবশালী মহল। ভাটার মালিকদের দলীয় পরিচয় ভিন্ন হলেও কৌশল প্রায় একই। ক্ষমতায় যে দল থাকে এরা সেই দলের নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে কর্মযজ্ঞ চালায়।

দেশজুড়ে চালু প্রায় ৭ হাজার ৮৬টি ইটভাটার মধ্যে ৪ হাজার ৫৫০টিরই পরিবেশ ছাড়পত্র নেই বলে জানায় পরিবেশ অধিদপ্তরের হিসাব। যার সিংহভাগই রাজধানীর আশপাশে কেন্দ্রীভূত।