ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ রাব্বি সরদার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিং এলাকার সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাব্বি সরদার ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত মজিবর সরদারের ছেলে।পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। অভিযানের একপর্যায়ে রাব্বি সরদারকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় এসআই মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।