
জাগ্রত খবর::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয় মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে। এ ঘটনায় নিহতের বাবা শুক্রবার (১৮ জুলাই) রাতে একটি হত্যা মামলা করেছেন, যেখানে আসামি করা হয়েছে সাতজনকে। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, নৈশ প্রহরী আলমগীর হোসেন ও আকাশ। এর মধ্যে জাহাঙ্গীর আলমকে র্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করে।এর আগে, শুক্রবার দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে জনির লাশ উদ্ধার করা হয়।পুলিশ বলছে, নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশেপাশে এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত ২টার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধী ভবনের লিফটের গর্তের ভেতর জমা পানিতে ফেলে দেয়।