একদিকে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র গ্রেফতার, অন্যদিকে এমপির অশ্লীল ভিডিও— সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ খাটের উপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর এক নারী কণ্ঠে বিভিন্ন আপত্তিকর কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।
নিজের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।’
এদিকে বুধবার সকালে ফেসবুকে এমপির অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে দুই উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার নানা শ্রেণির মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দলের বিভিন্ন পদধারী নেতাকর্মীরা ফেসবুকে তাকে দল ও সংসদ থেকে বহিষ্কার করার পাশাপাশি পদত্যাগের দাবি জানান।
এছাড়া একাধিক নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
বড়াইগ্রামের বনপাড়া বাইপাসসহ একাধিক জায়গায় দলের নেতাকর্মীদেরই আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়ে লাগানো তার ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুর করতে দেখা যায়।
সংসদ সদস্যের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন, তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করেন, সেজন্য আমি আহ্বান জানাব।’
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।







