কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আহত শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে (নিচতলা) ভর্তি করেন। তার অবস্থা সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।চিকিৎসকরা বলছেন, গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে।চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, আহত স্কুলছাত্রীর নাম হুজাইফা আফনান। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা। তার পিতা জসিম উদ্দিন। সীমান্তবর্তী হোয়াইক্যাং তেচ্ছাব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে সে আহত হয় বলে স্বজনরা জানিয়েছেন। আহত শিশুটিকে চমেক হাসপাতালে আনেন তার চাচা শওকত আলী। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক শিশু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে। তাই তার অবস্থা এখন সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।