1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor

ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::জামায়াতের নারীকাণ্ডের বিতর্কিত এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকার সরকারি ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।পুলিশ বলছে, তরুণীর লাশ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তাও জানাতে পারেননি স্বজনরা। ফলে ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। পুলিশ ছাড়াও তদন্তে নেমেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে ঘটনার পর লাশ উদ্ধারের সময় এমপি গাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর জন্য পুলিশের কাছে তিনি নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। একই বাসায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমও থাকতেন বলে জানা গেছে। তবে ঘটনার সময় গাজী নজরুল ইসলাম আদালতে থাকলেও তার প্রথম স্ত্রী কোথায় ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এতে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারণ মারা যাওয়া মরিয়ম খাতুনের সঙ্গেই আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর দল থেকে বহিষ্কার হন গাজী নজরুল ইসলাম। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় নেওয়া হয়েছে এমপি নজরুলকে।ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান জানান, ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি। তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, বেলা সাড়ে ৫টার দিকে তারা খবর পেয়েছেন। তবে ঘটনা বেলা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ঘটেছে।এ ঘটনায় দুই ধরনের তথ্য পাওয়া গেছে। একটি সূত্র জানিয়েছে, গতকাল বেলা ২টা ১৪ মিনিটে এমপি নজরুল বাসায় আসেন। এ সময় তিনি দরজায় অনেক নক করেন। পরে মূল দরজা চাবি দিয়ে খোলেন। মাঝখানের দরজা খুলতে না পেরে ন?্যাম ভবন ইনচার্জকে খবর দেন। সন্ধ্যায় পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। আরেকটি সূত্র জানিয়েছে, দুপুরে এমপি গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বেলা সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বেলা ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান গাজী নজরুল। পরে জানালা দিয়ে কক্ষের ভিতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। গতকাল সন্ধ্যায় ন?্যাম ভবনের নিচে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস?্যদের ব?্যাপক উপস্থিতি দেখা যায়।গতকাল মরিয়মের মামা ওবায়দুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম আমার ভাগনীকে (মরিয়ম) নিয়ে সংসার করছেন বলে জানতে পারি। গাজী নজরুলের মন আরেক রকম, এটা নতুন করে বলার কিছু নেই। তদন্তে কী উঠে আসে আমরা সে অপেক্ষায় থাকব। ওবায়দুর বলেন, মিথ্যা জিনিস (বিয়ে) সত্য করে চাপিয়ে দিয়ে সংসার করাচ্ছিল মরিয়মের পরিবার। আগে যখন ন্যাম ভবনে গেছি তখন প্রথম স্ত্রীকেও নিয়ে থাকতে দেখেছি।এদিকে নিহত মরিয়মের আত্মীয় মীজানুর রহমান বলেন, বড় বউ ন্যাম ভবনের বাসায় আসা-যাওয়ার মধ্যে থাকেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়ম সবসময় থাকেন। কয়েকদিন আগে মরিয়মের মামা ওবায়দুর আমাকে বলেছিলেন, মরিয়ম ওখানে থাকতে চাচ্ছে না। গাজী নজরুলের সঙ্গে কোনো একটা সমস্যা হয়েছে। যেহেতু মরিয়মকে সামাজিকতার জন্য মেনে নিয়েছেন গাজী নজরুল। সেহেতু প্রশ্ন আসে, চাপে পড়ে মেনে নেওয়া আর স্বাভাবিকভাবে সংসার করা অন্য জিনিস। মীজানুর রহমান আরও বলেন, গাজী নজরুলের গ্রামের বাসিন্দা মঞ্জু সরদার ও সোবহান গাজী গতকাল ওই বাসায় গিয়েছিলেন। উনাদের বাসায় রেখে গাজী নজরুল আদালতে যান।আগাম জামিনের ৮ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই কেন তিনি আজ (রবিবার) আদালতে গেলেন এবং আজকেই কেন মরিয়ম মারা গেল? এ ছাড়া আমরা একটি ভিডিও পেয়েছি, পায়ের সঙ্গে চেয়ার। ফাঁস নিলে ছটফট করে চেয়ার তো স্বাভাবিক অবস্থায় থাকার কথা না। এসব বিষয়ে আমরা সন্দেহ করছি- মরিয়মকে হত্যা করা হতে পারে। অপরদিকে ?এই মর্মান্তিক ঘটনার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু। এক বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।গতকাল গাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর মামার করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে জামিননামা দাখিল করেন তিনি। জানা গেছে, গত ১০ আগস্ট এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। গতকাল সেই জামিননামা দাখিল করলেন। এই মামলার বাদী ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ও মারা যাওয়া দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মামা।এর আগে অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- গাজী নজরুল ইসলাম, আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। মামলায় উল্লেখ করা হয়, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার রোজগার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় বসবাস করতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগনীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগনীর কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে নজরুলকে ব্ল্যাকমেল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়।ঘটনার বর্ণনা দিয়ে ওবায়দুর বলেন, ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় ওবায়দুর স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে সংসদ সদস্য ও জামায়াতের সাবেক নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জামায়াতে ইসলামী গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তারা ১৭ জুন বিয়ে করেছেন। যদিও অভিযোগ ওঠে-চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়মের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন গাজী নজরুল ইসলাম। পরে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার জন্য মরিয়মের বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে সরকারি কাজ পাইয়ে দিয়ে কোটিপতি বানানোর প্রলোভনও দেখিয়েছিলেন তিনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com