শেষ ইচ্ছা অনুযায়ী গ্রামে চিরশায়িত শিক্ষিকা মাসুকা বেগম : মৃত্যুর আগে বলে যাওয়া শেষ ইচ্ছা (অসিয়ত) অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আপন বোনের বাড়ির এলাকার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোনের শিক্ষিকা মাসুকা বেগম (নিপু)। গতকাল বাদ আসর সোহাগপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের প্রধান কবরস্থনে তার লাশ দাফন করা হয়। তিনি ওই স্কুলের প্রাইমারি শাখার ইংরেজি মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বরিশালে নানার পাশে সমাহিত সামীর : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নানা কবরের পাশে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মোহাম্মদ সামীউল করিম সামীরকে (১১)। গতকাল সকাল ১০টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের খোন্তকালী গ্রামের বাসিন্দা প্রয়াত নানা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। সামীর মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রেজাউল করীম শামীমের ছেলে। তার মা রেশমা করিম বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা উত্তরায় বায়িং হাউস ব্যবসা করেন।
গাজীপুরে শায়িত সায়মা : মেয়ে সায়মাকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেছিলেন বাবা-মা। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মাকে নিয়ে সে স্বপ্ন গতকাল ভেঙে গেছে। আর একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন নিহতের বাবা-মা। সায়মার বাবা শাহ আলম একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি করেন। থাকেন রাজধানীর উত্তরায়। সায়মার বাবা শাহ আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এখন তো সব শেষ।’ এজন্য কাউকে দায়ী না করে তিনি বলেন, ‘আমার কপালে নেই।’ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী গাড়িতে সায়মার নিথর দেহ পৌঁছে গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা এলাকায়। পরে গতকাল সকাল ১১টার দিকে নিহতের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।







