আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
২
বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়ায় ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত মাহফিল চলাকালে মসজিদ থেকে আসমান সিকদার (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকার মহিষখোলা মসজিদে এ ঘটনা ঘটে। আহত আসমান সিকদার ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।আহত আসমানের ভাষ্য, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলের খরচের জন্য তার ভাই বিদেশ থেকে টাকা পাঠান। সেই টাকা দিতে তিনি রাতে মসজিদে যান।আসমান অভিযোগ করেন, তিনি মসজিদের ভেতরে থাকা অবস্থায় স্থানীয় বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে মসজিদ থেকে বাইরে নিয়ে আসে। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।ঘটনার পর স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মসজিদ থেকে একজনকে তুলে নিয়ে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা স্বপন ভূইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ঘটনার বিষয়ে তারা অবহিত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।