
নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১৯১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।রবিবার (৬ জুলাই) রাতে মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দর ও কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।এ সময় দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে।ইয়াসীন সাদেক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করে আসছিল একটি চক্র।