বরিশালে অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদপত্রের আদলে নাম-লোগো ব্যবহার করে ফেসবুকে একের পর এক পেজ খোলার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাংবাদিকতার সঙ্গে প্রকৃতপক্ষে সম্পৃক্ত নন— এমন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের মতো নাম ও পরিচয় ব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসব পেজের আড়ালে গুজব ছড়ানো, সংবাদ বিকৃত করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির মতো কর্মকাণ্ডের অভিযোগও সামনে আসছে।
পত্রিকার নাম-লোগোর আদলে ভুয়া পেজ খুলে সম্পাদক পরিচয়ে নানা অপকর্ম, টাকার বিনিময়ে আইডি কার্ড বিক্রির অভিযোগ, গাড়ি-বাইকে ‘প্রেস’ লেখা স্টিকার ব্যবহার করে প্রভাব বিস্তারের অপচেষ্টা—ভুয়া সাংবাদিকতার আড়ালে কারা করছে এসব?
সাধারণ মানুষ আসল-নকলের পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্ত হচ্ছে, আর অপকর্মের দায় গিয়ে পড়ছে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের ওপর; ভুয়া পরিচয়ধারীদের দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা, কলঙ্কিত হচ্ছে গণমাধ্যমের মর্যাদা—এই অপসাংবাদিকতার লাগাম টানবে কে, প্রশাসনের নজরদারি কোথায়, আর সাংবাদিকতার নামে প্রতারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কবে?
সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে— সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো কোনো ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং চাঁদা দাবির মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠছে।
আরও উদ্বেগের বিষয় হিসেবে অভিযোগ উঠেছে, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিছু ব্যক্তি ফেসবুক পেজ খুলে বা সংবাদমাধ্যমের মতো পরিচয় ব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে উপস্থাপন করছেন।
বরিশালের সাংবাদিক সমাজের জন্য বিষয়টি এখন আত্মসমালোচনা ও পেশাগত ঐক্যেরও প্রশ্ন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আবার অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দেওয়াও দায়িত্বশীল আচরণ নয়। প্রয়োজন প্রমাণভিত্তিক যাচাই, নীতিগত অবস্থান এবং অপরাধের ক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ।
প্রয়োজনে সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা, সংবাদ যাচাইয়ের পদ্ধতি এবং পেশাগত পরিচয়ের যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া যেতে পারে। এতে প্রকৃত সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা মোকাবিলায় সহায়তা মিলবে।
বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, জেলা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন প্রেস ক্লাব, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন, এনডিবিএ, বিএমএসএফ, অনলাইন সম্পাদক ফোরাম সহ বেশ কয়েকটি কার্যকর সাংবাদিক সংগঠন রয়েছে। তাদের সমন্বিত উদ্যোগে ভুয়া সাংবাদিকতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সম্পৃক্ততায় বাস্তবায়ন করলে সুফল আসবে বলে সংস্লিষ্টদের প্রত্যাশা।


