দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশটির মিসরাতা শহর থেকে ১৭২ জন বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসন করা হয়েছে।
নাগরিকরা বুরাক এয়ারের ফ্লাইট নং UZ222 যোগে বৃহস্পতিবার সকাল ৬টার ঢাকায় পৌঁছাবেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনকারীদের সঙ্গে দেখা করেন। এ সময় অনিয়মিত অভিবাসনের বিভিন্ন ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, অবৈধ পথে বিদেশযাত্রার শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। দূতাবাস বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে দূতাবাস।






