চট্টগ্রাম প্রতিনিধি::চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে একটি ফলের দোকান সম্পূর্ণ ধ্বংস ও একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চূর্ণবিচূর্ণ হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা।রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী থেকে ছেড়ে আসা বাঁশখালী সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছলে হঠাৎ ব্রেক ফেল করে। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। বাসের ভারে অটোরিকশাটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।ক্ষতিগ্রস্তরা হলেন- ফলের দোকানি মো. কাউসার, মাংসের দোকানি নুরুল আজিম, চায়ের দোকানি তৌহিদুল ইসলাম এবং অটোরিকশাচালক মফিজ। ঘটনাক্রমে দোকানদাররা বাইরে থাকায় তারা বেঁচে যান।ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লাখ টাকা। এতে ফলের দোকানের ক্ষতি ৬ লাখ টাকা, অটোরিকশার মূল্য দেড় লাখ টাকা এবং চায়ের দোকানে একটি বিরিয়ানির পাতিল পুরোপুরি ধ্বংস হয়ে যায়।অটোরিকশাচালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশাটি রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজোরে ধাক্কা দিলে আমার রিকশাতে দুমড়ে-মুচড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আমার গাড়িটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ বিষয়ে ঘটনাস্থলে থাকা আনোয়ারা থানার এসআই জুয়েল আহমেদ বলেন, চট্টগ্রাম শহরমুখী বাঁশখালী সুপার সার্ভিস নামের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে একটি অটোরিকশা ও দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন বাসযাত্রী কিছুটা আহত হন।